নেশাজাতীয় দ্রব্য সেবন না করেই মাতাল। পেটের ভিতরের ব্যাকটেরিয়ায় খাবারকে তৈরি করছে অ্যালকোহলে

ওয়াশিংটনের কোনো এক রাত। গাড়ি চালিয়ে যাবার সময় পুলিশের নজরে পড়ে গেলেন ৪৬ বছরের এক প্রৌঢ় ভদ্রলোক। মাতাল হয়ে গাড়ি চালাচ্ছেন সন্দেহে তাকে থামানো হলো, তবে তিনি প্রতিজ্ঞা করে বললেন যে- মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন না তিনি। তবে পুলিশের সন্দেহ গেল না। ভদ্রলোক ব্রেথালাইজার পরীক্ষা করতে (রক্তে অ্যালকোহলের পরিমাণ পরীক্ষা করার জন্য বহুল ব্যবহৃত পদ্ধতি) অস্বীকৃতি জানান, ফলে গ্রেফতার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে চিকিৎসকেরা রক্ত পরীক্ষা করে সাধারণ মাত্রার থেকে বহুগুণে বেশি অ্যালকোহল শনাক্ত করেন। তবে তিনি তারপরেও অনড়, তিনি নাকি গাড়ি চালানোর আগে সেসব কিছু ছুঁয়েও দেখেননি।

Auto brewery syndrome

তাকে পরে ছেড়ে দেয়া হলেও মাতাল হয়ে গাড়ি চালানোর অভিযোগ থেকে যায়। তবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে তিনি উঠে পড়ে লাগলেন।পরবর্তীতে চিকিৎসকেরা সন্দেহ করলেন বিরল একটি অসুখের, যার ফলে তার পরিপাকতন্ত্র শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে ব্যাপক পরিমাণে অ্যালকোহল উৎপাদন করছে। নিশ্চিত হতে হাসপাতালে রেখে তাকে বিশেষায়িত শর্করা খাবার দেয়া হলো। নির্দিষ্ট সময় পর রক্তের নমুনা নিয়ে দেখা গেল সেখানে অ্যালকোহলের বিপুল উপস্থিতি। তাকে জানানো হলো- যে রোগে ভুগছেন তিনি তার নাম অটো ব্রিউয়ারি সিনড্রোম (Auto-Brewery Syndrome)।অটো ব্রিউয়ারি সিনড্রোম বা ‘গাট ফার্মেন্টেশন সিনড্রোম’ একটি বিরল ও বিচিত্র শারীরিক অবস্থা, যেখানে মদ্যপান না করেই ব্যক্তি মাতাল হয়ে যান। ১৯৫০-এর দশকে জাপানে প্রথম এই রোগের কথা জানা যায়। এতে পরিপাকতন্ত্রে থাকা নির্দিষ্ট অণুজীব শর্করার বিপাক ঘটিয়ে রক্তে বিপুল পরিমাণ অ্যালকোহল বা ইথানল তৈরি কর। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবন বা উচ্চ শর্করাযুক্ত খাবার এই রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।

আক্রান্ত ব্যক্তির আচরণে কথা জড়িয়ে যাওয়া, স্মৃতিভ্রম এবং চরম ক্লান্তি দেখা দেয়। অনেকে একে স্রেফ মদ্যপানের প্রভাব ভেবে ভুল করেন, যার ফলে রোগী সামাজিক অবমাননা, আইনি জটিলতা এমনকি দাম্পত্য কলহের শিকার হন। এই রোগ থেকে মুক্তি পেতে নিয়ন্ত্রিত খাদ্যতালিকায় শর্করা ও চিনি পরিহার করা অত্যন্ত জরুরি। এটি দীর্ঘমেয়াদী সমস্যা হলেও সঠিক জীবনধারা পরিবর্তনের মাধ্যমে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। রোগীদের প্রতি সমাজের সহমর্মিতা ও সচেতনতা অত্যন্ত প্রয়োজনীয়।

Comments