যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে গত মাসে এক অস্বাভাবিক বড় আকারের ছেলে সন্তানের জন্ম হয়েছে, যার ওজন সাধারণ নবজাতকের তুলনায় প্রায় দ্বিগুণ। ৩১শে জানুয়ারি Cayuga Medical Center-এ শন জুনিয়র নামে এই শিশুটি জন্মগ্রহণ করে, যার ওজন ছিল ১৩ পাউন্ড। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, এটি তাদের প্রতিষ্ঠানে জন্ম নেওয়া এখন পর্যন্ত সবচেয়ে বড় শিশু।
শিশুটির মা টেরিকা এবং বাবা শন আগে থেকেই ধারণা করেছিলেন যে তাদের সন্তান কিছুটা বড় হবে, তবে ওজন এতটা বেশি হবে তা তারা কল্পনাও করেননি। মা টেরিকা জানান, শিশুটি জন্মের পর থেকেই ৩ থেকে ৬ মাস বয়সী শিশুদের পোশাক এবং ডায়াপার ব্যবহার করছে।
তার ভাষায়,
“মনে হচ্ছে আমি সরাসরি তিন মাস বয়সী একটি শিশুর মা হয়ে গেছি।”
হাসপাতাল কর্তৃপক্ষ একই দিনে জন্ম নেওয়া ৪ পাউন্ড ওজনের আরেক শিশু মার্গটের সাথে শন জুনিয়রের একটি তুলনামূলক ছবি শেয়ার করে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এতে দুই শিশুর আকারের পার্থক্য স্পষ্টভাবে দেখা যায়।
সেন্ট্রালস হেলথের পরিচালক রবিন তোরগালস্কি বলেন,
“৪ পাউন্ড হোক বা ১৩ পাউন্ড—প্রতিটি শিশুর জন্মগল্পই আলাদা। আমরা সব ধরণের পরিবারের পাশে থাকতে পেরে গর্বিত।”
উল্লেখ্য, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিশ্বের সবচেয়ে ভারী নবজাতকের ওজন ছিল ২২ পাউন্ড, যার জন্ম ১৯৫৫ সালে ইতালিতে হয়েছিল।
সোর্স: New York Post